ট্রিপল মার্ডার: সিংগাইরে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
জমি ও টাকাপয়সার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড এবং আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত । এ ছাড়া দুজনকে পাঁচ বছর এবং আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে । একই মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মো. জিয়ার উদ্দিন (৫০), জাহিদুল ইসলাম (৫৫), আব্দুর রশিদ (৫০), জসিম উদ্দিন (৪৫) ও সিদ্দিক মিয়া (৫৫)। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আটজন হলেন—জহির উদ্দিন (৭৫), মো. আজিজুল (৪৩), উজ্জ্বল হোসেন (৪৫), সামছুল হক (৭৫), মো. সালাউদ্দিন (৫৫), মাজেদ মিয়া (৪৫), মো. মরণ (৪৭) ও স্বপন মিয়া (৩৮) । তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ।
এ ছাড়া শামীম হোসেন ও হাবু মিয়াকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে তাঁদের আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে ।
অন্যদিকে, মজনু মিয়াকে এক বছর, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস এবং সাহেরা খাতুন ও খাতুনী বেগমকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত ।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জ্বল মিয়া, অলি আহাদ, মো. শুকুর ও মো. রাজাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) নূরতাজ আলম বাহার। আসামিপক্ষে ছিলেন আইনজীবী খলিলুর রহমান ।