ঘিওরে হঠাৎ রক্তলাল নদীর পানি, আতঙ্কে এলাকাবাসী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর পানি হঠাৎ লালচে রং ধারণ করেছে । বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে উপজেলা সদরের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীর পানির এমন অস্বাভাবিক পরিবর্তনে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা । পানির রং বদলে যাওয়ার কারণ নিয়ে এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য ।

স্থানীয়দের ভাষ্য, বুধবারও নদীর পানি ছিল স্বচ্ছ ও টলটলে । কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ পানির পরিমাণ ও স্রোত বেড়ে যায় । স্রোতের সঙ্গে ভেসে আসতে থাকে ফেনাযুক্ত পানি, ময়লা ও আবর্জনা । একপর্যায়ে নদীর পানি পাটকেল রঙের মতো লালচে হয়ে যায় ।

নদীর পানির এমন পরিবর্তনে বিপাকে পড়েছেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা । প্রতিদিন গোসল করতে নদীতে আসা অনেকেই পানির অস্বাভাবিক রং দেখে গোসল না করেই বাড়ি ফিরে গেছেন ।

স্থানীয়দের আশঙ্কা, নদীতে কোনো ধরনের দূষণ কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এমনটি ঘটতে পারে । তারা দ্রুত পানির নমুনা পরীক্ষা করে রং পরিবর্তনের কারণ শনাক্তের দাবি জানিয়েছেন ।

উপজেলা বিএনপির সহসভাপতি মীর্জা এজাজ আহমেদ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।

ঘিওর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সুরুজ্জামান বলেন, বিষয়টি পর্যবেক্ষণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে । উজানের ঢল কিংবা নদীতে প্রাকৃতিক বা মানবসৃষ্ট কোনো বিপর্যয়ের কারণে এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

এদিকে মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । উজানে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে কি না, সেটিও পরীক্ষা করে দেখা হবে । ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে যমুনা নদীর মোহনা থেকে ঘিওর-দৌলতপুর অঞ্চল পর্যন্ত ধলেশ্বরী নদীতে স্থায়ী প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে ।

তবে নদীর পানির রং হঠাৎ লালচে হয়ে যাওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি । পানির নমুনা পরীক্ষা করে দ্রুত কারণ শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com