সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মীরসরাইয়ের মাইশা নিহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক পারাপারের সময় দুর্ঘটনায় মাইশা (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড থানাধীন ইসলামিক ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার বাসিন্দা। তিনি সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে এবং ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।