জয়পুরহাটে ঐতিহ্যবাহী বৃহৎ নবান্ন উৎসব ১৯ নভেম্বর: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

বাঙালির চিরায়ত কৃষি ও লোকজ ঐতিহ্যের ধারাবাহিকতায় জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। উৎসবটি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কালাই উপজেলার বেগুনগ্রামে অবস্থিত আধ্যাত্মিক সাধক হযরত খাজা শাহ্ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতী (রাঃ)-এর পবিত্র আস্তানা শরীফে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভক্ত-অনুরাগী ও স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে উৎসবের তারিখ চূড়ান্ত করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ), বৃহস্পতিবার আস্তানা শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত হবে।

উল্লেখ্য, আমন ধান কাটাকে কেন্দ্র করে বেগুনগ্রাম আস্তানা শরীফে যুগ যুগ ধরে এই উৎসব পালিত হয়ে আসছে।

নতুন ধানের অন্ন ভোগ, মিলাদ মাহফিল, গ্রামীণ মেলার আমেজ এবং হাজারো মানুষের মিলনমেলায় এই আয়োজনটি পুরো উত্তরাঞ্চলের অন্যতম প্রধান লোকজ ঐতিহ্যে রূপ নিয়েছে।

আসন্ন উৎসবকে ঘিরে ইতিমধ্যে এলাকায় উৎসবের আমেজ ও ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com