গাজীপুর মহানগরে কার্তিক হত্যার দুই আসামী অবশেষে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার, এলাকায় স্বস্তি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর গাছায় কার্তিক (৩৫) হত্যা মামলায় শিমুল মিয়া (২৫) ও জহিরুল ইসলাম ওরফে ফালান (৪৯) নামে দুই আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের হালুয়াঘাট থানার মাশাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বাড়ি গাজীপুর মহানগরীর পূবাইল থানার খুরাইদ এলাকায়। তারা গাছার কুনিয়া পাছর চৌধুরী মার্কেট এলাকায় বসবাস করতেন। শিমুল সেখানে ভাসমান অবস্থায় থাকতেন এবং জহিরুল ইসলাম স্থানীয় এক আইনজীবীর বাড়িতে ভাড়াটিয়া ছিলেন।
নিহত কার্তিক গাছা থানার ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া পাছর চৌধুরী মার্কেট এলাকার বাসিন্দা। এ ঘটনায় গত ২৮ অক্টোবর গাছা থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।
পুলিশের এসআই সাইফুল আলম ও এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এএসআই ইব্রাহিম মিয়াসহ একটি দল অংশ নেয়।
পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।