জয়পুরহাটে দুই নারী শিক্ষিকার সনদ বিকৃতির অভিযোগ: প্রশাসনের নোটিশেও গড়হাজির সুপার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল হাতিগাড়া ডি.এস.এম. দাখিল মাদ্রাসার দুই নারী শিক্ষিকার এনটিআরসিএ নিবন্ধন সনদের তথ্য বিকৃত করে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপার মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। এতে চাকরি নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ তদন্তে প্রশাসন নোটিশ দিলেও হাজির হননি অভিযুক্ত সুপার।
ভুক্তভোগী শিক্ষিকারা জানান, প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষকের মধ্যে কেবল তাঁদের দুজনের নথিতেই অসঙ্গতি তৈরি করা হয়েছে। ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক সাথী পারভীনের এনটিআরসিএ রেজিস্ট্রেশন নম্বরের শেষের দুটি ডিজিট বাদ দেওয়া হয় এবং রোল নম্বর বিকৃত করা হয়। অন্যদিকে জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মায়িশা ফারজানার নাম বদলে লেখা হয় ‘শায়িশা ফারজানা’। তাঁদের দাবি, ক্ষতির উদ্দেশ্যে না জানিয়েই ভুল তথ্যের ফরওয়ার্ডিং পাঠানো হয়েছিল। পরবর্তীতে এডিসি অফিসে জমা দেওয়া সংশোধিত নথিতেও তারিখ জালিয়াতির অভিযোগ তোলেন তাঁরা।
এদিকে ঘটনার পর মাদ্রাসার কম্পিউটার থেকে সংশ্লিষ্ট ফরওয়ার্ডিংয়ের ফাইল রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। এছাড়া ভুক্তভোগীদের অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো, চাপ সৃষ্টি ও ফাইল সংশোধনের নামে অর্থ দাবির অভিযোগ উঠেছে সহকারী মৌলভি শিহাব উদ্দিন, নিরাপত্তাকর্মী আরিফুল ইসলাম ও শিক্ষক হাম্মাদ আলীর বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে মাদ্রাসায় গেলে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন সুপার ও সহকারী মৌলভি। বক্তব্য জানতে চাইলে সুপার হাবিবুর রহমান সদুত্তর না দিয়ে বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা জানেন বলে এড়িয়ে যান।
জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আযিযুল হাকিম জানান, অভিযোগ, নোটিশ ও সংশোধিত নথি যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষিকারা।
আরও পড়ুন
পাবনায় এলিট লাইফ স্টাইলের ১৯ তম আউটলেট উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেতা পলাশ
মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে এ্যাড. এম এ রশিদকে বহিষ্কার
বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত