বেতনে বাড়ানোর দাবিতে চতুর্থ দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুর জেলা অচল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম

গাজীপুর প্রতিনিধি 

মাসিক বেতন ৩০ (সর্বনিম্ন) হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন পোশাকশ্রমিকরা। বিক্ষোভ চলাকালে অর্ধশতাধিক যানবাহন ও বিভিন্ন দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এই ধারাবাহিকতায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কও বন্ধ।

শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটিসহ আশপাশের শিল্পাঞ্চলের একাধিক কারখানা পুনরায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিকে অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে আশপাশের আবাসিক এলাকাগুলোতেও আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com