পাবনায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
পাবনা প্রতিনিধিঃ
পাবনার ফরিদপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মোঃ নয়ন হোসেন (২০) নামে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ব্যবসায়ী নয়ন হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানাপ্রাপ্ত নয়ন হোসেন (২০) পাবনার চাটমোহর উপজেলার সমশের আলীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ নেই। সাধারণ ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে। কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩