জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, কুমারখালীতে নারীর মৃত্য
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার অভিযোগে নাসিমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাসিমা খাতুন বাটিকামারা এলাকার বাসিন্দা শহিদুলের স্ত্রী।
নিহতের পরিবারের অভিযোগ, একই এলাকার জনে শেখের ছেলে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় নাসিমা খাতুন বাধা দিতে এগিয়ে গেলে অভিযুক্ত আকরাম তাঁকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে যান।
নিহতের মা আলেয়া খাতুন জানান, অভিযুক্তদের সঙ্গে তাঁদের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় তাঁদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। এরই জেরে সোমবার ভোরে সংঘবদ্ধভাবে তাঁদের বাড়িতে হামলা চালানো হয়।
তিনি আরও জানান, নাসিমা খাতুনের পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩