শিক্ষার্থীদের সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে: চসিক প্রশাসক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২ নভেম্বর) ‘নিরাপদ সড়ক চাই’ চট্টগ্রাম মহানগর কমিটির আয়োজনে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নগরীর আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, সামান্য সচেতনতা ও সতর্কতা অনেক মানুষের জীবন বাঁচাতে পারে। রাস্তা পারাপারের সময় ডান-বাম দেখে যানবাহনের গতিবিধি বুঝে চলতে হবে। বিশেষ করে ব্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার থেকেও বিরত থাকতে হবে।
তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ফুটপাত দখল কিংবা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষের চলাচলে বাধা দেওয়া উচিত নয়। ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও আইনসম্মতভাবে প্রতিবাদ করতে হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, সেফ ও স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্ব পালন করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।
সড়ক নিরাপত্তা অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশনের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, নগরীর প্রায় ২৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে দুটি স্থানে এ ব্যবস্থা চালুর উদ্যোগ রয়েছে। এ ছাড়া ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জেব্রা ক্রসিং স্থাপন ও রেলক্রসিং এলাকায় দুর্ঘটনা কমাতে ওভারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে ডা. শাহাদাত হোসেন বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বাস্তব জীবনে বিবেক-বুদ্ধির প্রয়োগ, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ অর্জন করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ, আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুল রহমান এবং নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, চালক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন
পঞ্চগড়ে ওএমএস ডিলারের বিরুদ্ধে চাল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ
শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: বাদীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
গাজীপুরে মদের কারবারি ধরতে গিয়ে পুলিশের পিস্তল খোয়া যায়, উদ্ধারে ৫০ হাজার পুরস্কার ঘোষণা