জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে উৎসাহিত করার লক্ষ্যে জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)-এর জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আল-মামুন মিয়া।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে তৃণমূল পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন। আগামী ৫ নভেম্বর দেশব্যাপী একযোগে এই কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে জয়পুরহাটেও প্রতিযোগিতাটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।