৫ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২), মানিকগঞ্জে প্রস্তুতি সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে মানিকগঞ্জে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’। এ আয়োজন সফল করতে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা ।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা ও জেলা শিক্ষা অফিসার আমীর হোসেনসহ সংশ্লিষ্টরা ।

সভায় জানানো হয়, আগামী ৫ নভেম্বর বিকেল তিনটায় খুলনা থেকে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন । একই সময়ে দেশের সব জেলায় ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা ।

আয়োজকদের আশা, এ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে । পাশাপাশি ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতেও ভূমিকা রাখবে এ আয়োজন ।

কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয় ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com