নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর বয়স আড়াই বছর ও দুই বছর। তাদের মৃত্যুতে পরিবার দুটিতে শোকের মাতম চলছে।

নিহত শিশুরা হলো, বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে মোছা. শিউলী খাতুন (আড়াই বছর) এবং একই গ্রামের আনারুল ইসলামের মেয়ে মোছা. আফিয়া খাতুন (২ বছর)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যুর মামলা রুজু করে বিধি অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই প্রকৃত অভিভাবকদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com