নওগাঁয় কলেজের ফল বিপর্যয়, অধ্যক্ষের পদত্যাগ দাবি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়া, শিক্ষার মান নিয়ে অসন্তোষ এবং প্রতিষ্ঠানে নানা অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার ভিওইল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন ভিওইল গ্রামের বাসিন্দারা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান হচ্ছে না। নির্ধারিত সময়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে উপস্থিতি ও পাঠদানে যথেষ্ট আন্তরিকতার অভাব রয়েছে। এমনকি কোনো কোনো শিক্ষক পাঠদানের সময় কলেজের বাইরে আড্ডা দিয়ে সময় কাটান বলেও অভিযোগ করেন তারা। এসব কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং পরীক্ষার ফলাফলেও তার নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা এবং প্রতিষ্ঠানের শিক্ষার মান ফিরিয়ে আনতে নিয়মিত পাঠদান নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানের কথিত অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে বর্তমান অধ্যক্ষের পদত্যাগ দাবি করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, অভিযোগের বিষয়ে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, চলতি বছর প্রতিষ্ঠানটির জেনারেল ও ভোকেশনাল—দুই শাখা থেকে মোট ৬৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৫ জন। পরীক্ষার্থীদের অধিকাংশই কর্মজীবী হওয়ায় আশানুরূপ ফলাফল হয়নি বলে তিনি মনে করেন। তবে আগামীতে পরীক্ষার ফলাফল আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com