পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল উদ্বোধন করলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম

সঞ্জু বনিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় | ১ নভেম্বর ২০২৬

‘খেলাধুলা যার অন্তরে, মাদক থেকে সে থাকে দূরে’—এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত হচ্ছে চানপাড়া নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সপ্তম আসর। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা উদ্বোধন উপলক্ষে রোববার (১ নভেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের চানপাড়া শ্মশানঘাট মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় জ্বালাসী রয়েল এফসি ও তালমা রাবার ড্রাম ক্লাব। খেলাকে ঘিরে স্থানীয় খেলোয়াড়, দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় জেলা প্রতিনিধি ইনসান সাগরেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আয়না টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি বদরুদ্দোজা প্রধান বাঁধন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সোহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে ইনসান সাগরেদ বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার চর্চা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। তিনি টুর্নামেন্টের আয়োজকদের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

উদ্বোধকের বক্তব্যে বদরুদ্দোজা প্রধান বাঁধন বলেন, ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার অন্যতম মাধ্যম। তরুণদের মাঠমুখী করতে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এমন আয়োজন প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে সোহেল রানা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং এলাকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই চানপাড়া নক-আউট ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসরের আয়োজন করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com