মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রেসক্লাবের কঠোর অবস্থান

টেকনাফ উপজেলা প্রেসক্লাবকে রাজনৈতিক তকমা দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম

উচমান গনি টেকনাফ, কক্সবাজার (প্রতিনিধি):

সম্প্রতি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম অনিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা নিয়ে সংবাদ প্রকাশের পর সংগঠনটির বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বিশেষ করে প্রেসক্লাবের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে—এমন বিভ্রান্তিকর বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংগঠনটি।

এ ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র এবং একটি পেশাদার সাংবাদিক সংগঠনকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি পেশাদার সাংবাদিক সংগঠন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, জনস্বার্থ রক্ষা, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই সংগঠনটির মূল লক্ষ্য। কোনো রাজনৈতিক দলের পুনর্গঠন কিংবা দলীয় কার্যক্রম পরিচালনার সঙ্গে প্রেসক্লাবের কোনো সংশ্লিষ্টতা নেই।

গত ১ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ছিল সম্পূর্ণ পেশাগত এবং জনস্বার্থসংশ্লিষ্ট। ওই আলোচনায় উন্নয়নকাজের স্বচ্ছতা নিশ্চিত করা, সড়ক ও অবকাঠামোর গুণগত মান বজায় রাখা, ভোটারদের হয়রানি বন্ধ, নির্বাচন অফিসে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধ এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

জনগণের সমস্যা, অধিকার ও প্রত্যাশা প্রশাসনের কাছে তুলে ধরা সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। অথচ এসব জনস্বার্থমূলক কর্মকাণ্ডকে রাজনৈতিক রং দিয়ে একটি সাংবাদিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো তথ্য-প্রমাণ ছাড়া একটি প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠনকে রাজনৈতিক তকমা দেওয়া দায়িত্বশীলতার পরিচয় নয়। কারও কাছে সুনির্দিষ্ট অভিযোগ বা গ্রহণযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com