নওগাঁয় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, এমপিওভুক্ত দুই প্রতিষ্ঠানেও শূন্য ফল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নওগাঁর ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে এমপিওভুক্ত দুটি শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। প্রতিষ্ঠান দুটির শিক্ষক-কর্মচারীরা সরকারি কোষাগার থেকে নিয়মিত বেতন-ভাতা পেলেও এবারের পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। ফলাফল নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর একটি পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষায় অংশ নেন ১০ জন শিক্ষার্থী। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। অথচ কলেজটিতে শিক্ষক রয়েছেন ১৭ জন।

পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর বাহারুল উলুম আলিম মাদ্রাসা ও আরিফ মেমোরিয়াল কলেজ, পোরশার মেদা হযরত আশা সিদ্দীকা (রা.) আলিম মাদ্রাসা, নিয়ামতপুরের রাজাপুর বটতলী হাট কলেজ ও সাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ, রাণীনগরের বড়খোল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ধামইরহাটের শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, পত্নীতলার পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ, মান্দার শ্যাম চাঁদ মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ঘোনা আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাইয়ের সোনাইডাঙ্গা মহিলা বিএম অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেননি।

তালিকাভুক্ত ১১টি প্রতিষ্ঠানের মধ্যে এমপিওভুক্ত দুটি হলো পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ এবং মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর বাহারুল উলুম আলিম মাদ্রাসা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালে প্রতিষ্ঠিত পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজে বর্তমানে ১৭ জন শিক্ষক রয়েছেন। চলতি বছরের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১০ জন অংশ নিলেও সবাই অনুত্তীর্ণ হন।

এমন ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় যুবক আবু সাঈদ। তিনি বলেন, সরকারি কোষাগার থেকে শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। এরপরও ১৭ জন শিক্ষক থাকা একটি প্রতিষ্ঠানের ১০ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। প্রতিষ্ঠানের প্রশাসন কিংবা শিক্ষকদের কোনো গাফিলতি রয়েছে কি না, তা যথাযথ কর্তৃপক্ষের তদন্ত করে দেখা উচিত।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী অনিয়মিত। তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কারখানা ও দোকানে কাজ করেন। তাদের নিয়মিত ক্লাসে আনতে হয়। এ কারণে পরীক্ষার ফলাফল এত খারাপ হয়েছে।

অন্যদিকে, মহাদেবপুরের রামচন্দ্রপুর বাহারুল উলুম আলিম মাদ্রাসা থেকেও এবার আলিম পরীক্ষায় অংশ নেওয়া ২৬ জন শিক্ষার্থীর কেউ উত্তীর্ণ হতে পারেননি। ২০০৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ২০১২ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৪ জন শিক্ষক ও ছয়জন কর্মচারী রয়েছেন।

শিক্ষক-কর্মচারীর সংখ্যা ও সরকারি আর্থিক সুবিধা থাকার পরও এসব প্রতিষ্ঠানের ফলাফল কেন এত খারাপ হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার মান, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com