যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

যবিপ্রবি প্রতিনিধি: রাকিবুল হাসান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফটোগ্রাফিভিত্তিক সংগঠন JUST Photographic Society-এর ২০২৬-২৭ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন শাহরিয়ার হোসাইন সুনি ও রবিউল ইসলাম শিমুল। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবদুর রহিম ও অপূর্ব দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পদে ফারদিন ইবনে করিম সামি ও মোছা. আরিফুন নাহার অর্নি এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অরিত্র বিশ্বাস। এই কমিটিতে বিভিন্ন পদে আরও ২৩ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম বলেন, "ফটোগ্রাফি শুধু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার বিষয় নয়; এটি একটি বিশ্বজনীন ভাষা। পৃথিবীর যে প্রান্তের মানুষই হোন না কেন, ভাষা ভিন্ন হলেও একটি ছবির ভাষা বুঝতে সাধারণত অসুবিধা হয় না। তবে ছবির ভাষা বুঝতে পারলেও সেই ভাষায় নিজেকে প্রকাশ করার আগ্রহ বা চর্চা তুলনামূলক কম মানুষের মধ্যে দেখা যায়।"

তিনি আরও বলেন, "JUST Photographic Society যবিপ্রবির আগ্রহী শিক্ষার্থীদের ফটোগ্রাফির দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আলোকচিত্রের মাধ্যমে বিশ্বকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি করতে কাজ করে। এ লক্ষ্যে সংগঠনটি বিভিন্ন কর্মশালা, ফটোওয়াক, জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে থাকে। নতুন কমিটিও একই লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে কাজ করবে।"

নবনিযুক্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব বলেন, "ফটোগ্রাফির ক্ষেত্রে দেশের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় যবিপ্রবি এখনো পিছিয়ে রয়েছে। আমাদের অল্পসংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থী জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও অবদান রাখছেন। অথচ ক্যাম্পাসে ফটোগ্রাফি নিয়ে আলোচনা ও চর্চার পরিসর এখনো সীমিত।"

ফটোগ্রাফিক চর্চার পরিধি বাড়ানোর ব্যাপারে তিনি জানান, "JUST Photographic Society-এর মাধ্যমে ক্যাম্পাসে ফটোগ্রাফির চর্চা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন এবং অংশগ্রহণের মাধ্যমে যবিপ্রবিকে দেশের ফটোগ্রাফি অঙ্গনে আরও পরিচিত করে তুলতে কাজ করছি। নতুন কমিটিও এ লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।"

উল্লেখ্য, JUST Photographic Society যবিপ্রবির একটি আলোকচিত্রবিষয়ক সংগঠন। ফটোগ্রাফির প্রতি আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দক্ষতা উন্নয়ন,সৃজনশীলতার বিকাশ, প্রসার এবং আলোক চিত্র চর্চার সমন্বয়ে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com