মান্দায় ক্লিনিক চত্বর থেকে অজ্ঞাত হিন্দু নারীর মরদেহ উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় একটি ক্লিনিকের বসার স্থান থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক হিন্দু নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৩ নভেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর বাজারের উপজেলা মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রসাদপুর বাজারের মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বসার স্থানে ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে মান্দা থানা পুলিশ সেখানে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নারী হিন্দু সম্প্রদায়ের বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনি স্থানীয় বাসিন্দা নন। এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয়সহ বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। মরদেহে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্নও পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।