মানিকগঞ্জে অপহরণের ৯ দিনেও মেলেনি কলেজছাত্র রিদয়ানের সন্ধান; উদ্ধারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জে অপহরণের নয় দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ২৫ বছর বয়সী কলেজছাত্র রিদয়ান আনসারীর । পরিবারের দাবি, অপহরণের কথা বলে ফোনে মুক্তিপণ চেয়ে প্রায় অর্ধলক্ষ টাকা নেওয়া হলেও তাকে ফেরত দেয়নি দুর্বৃত্তরা ।

রিদয়ানের দ্রুত ও নিরাপদে ফিরে আসার দাবিতে সোমবার (২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ঢাকা-আরিচা মহাসড়কের ডিভাইডারের দক্ষিণ পাশের বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছেন তাঁর পরিবার, স্বজন, এলাকাবাসী ও সহপাঠীরা । মানববন্ধন চলাকালীন সময়ে ডিভাইডারের দক্ষিণ পাশের মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ ছিল ।

মানববন্ধনে বক্তারা রিদয়ানকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান । গত ২৪ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে রওনা হওয়ার পর নিখোঁজ হন তিনি । পরে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ দাবি করা হয়। টাকা দেওয়ার পরও তাঁর সন্ধান মেলেনি । 

রিদয়ান তিন ভাইবোনের মধ্যে রিদয়ান সবার ছোট । তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের প্রয়াত আব্দুল মান্নান আনসারীর ছেলে । বিবিএ পড়ার পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি । পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন ।

মানববন্ধন শেষে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন । এ সময় কয়েকজন সড়ক অবরোধের চেষ্টা করলে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ।

মানববন্ধনে বক্তব্য দেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, নিখোঁজ রিদয়ানের মা, বড় ভাই, পরিবারের সদস্য গাজী টিভির সাংবাদিক মো. রিপন আনসারীসহ

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com