চলনবিল পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণে সিংড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
মোঃ সিফাত মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি,
ঐতিহ্যবাহী চলনবিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য পুনরুদ্ধারের লক্ষ্যে নাটোরের সিংড়ায় এক মতবিনিময় সভা (পাবলিক কনসালটেশন মিটিং – পিসিএম) অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) সকালের দিকে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) পাবলিক ট্রাস্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোছাঃ নিশাত আনজুম,সহকারী কমিশনার(ভূমি)
সভায় বক্তারা চলনবিলের বর্তমান প্রাকৃতিক অবস্থা, জলাভূমির সংকট, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্থানীয় জীববৈচিত্র্যের বিদ্যমান মান যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি চলনবিলের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা ও এর পুনরুদ্ধারের বিভিন্ন বাস্তবসম্মত সম্ভাব্যতা তুলে ধরা হয়।
আলোচকরা বলেন, “চলনবিল কেবল একটি জলাভূমি নয়; এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদের এক অনন্য প্রতীক। বিলের নাব্যতা হ্রাস ও বাস্তুতন্ত্রের ক্ষতির হাত থেকে রক্ষা করতে এখনই কার্যকর পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।”
সভায় চলনবিল সুরক্ষায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত সকলে স্লোগান তোলেন—“চলনবিল বাঁচলে, প্রকৃতি বাঁচবে; বাঁচবে জীববৈচিত্র্য।”
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, পরিবেশবিদ, সিইজিআইএস-এর প্রতিনিধি এবং স্থানীয় ব্যক্তিবর্গ ও অংশীজনেরা উপস্থিত ছিলেন।