মহাদেবপুরে সড়কে ভাঙারি ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাই, আহত-২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ এএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় টাকা বহনকারী দুই ব্যক্তিকে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিমের চাচাতো ভাই ও দোকানের ম্যানেজার মজনু এবং পিকআপচালক সোহেল। ব্যবসায়ী আব্দুল আলিম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বারিক মন্ডলের ছেলে। তিনি মহাদেবপুর এলাকায় একটি ভাঙারির দোকান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে পিকআপে করে মহাদেবপুরে ফিরছিলেন মজনু ও সোহেল। পথে তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁদের মারধর করে সঙ্গে থাকা টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে তাঁদের চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করেন। প্রথমে তাঁদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিম বলেন, তাঁর দোকানের ভাঙারি বিক্রির টাকা নিয়ে ম্যানেজার ও পিকআপচালক মহাদেবপুরে ফিরছিলেন। পথে তাঁদের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com