নওগাঁয় সড়কে গাছের ডাল ফেলে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় গভীর রাতে সড়কে খেজুরগাছের ডাল ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে বেলাল প্রামাণিক (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় লোহার ছোরা।
মঙ্গলবার আনুমানিক রাত ২টা ৪০ মিনিটের দিকে নওগাঁর আত্রাই উপজেলার মহাদিঘী এলাকায় আত্রাই-রানীনগর-নাটোর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাতের আঁধারে কয়েকজন ব্যক্তি মহাসড়কের ওপর খেজুরগাছের ডাল ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের টহল দল সেখানে পৌঁছালে তারা পালিয়ে যায়। পালানোর সময় একটি দেশীয় লোহার তৈরি ছোরা ফেলে যায় দুর্বৃত্তরা।
পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বেলাল প্রামাণিককে গ্রেপ্তার করে। তিনি আত্রাই উপজেলার মহাদিঘী দক্ষিণপাড়া গ্রামের মৃত কেরামত প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার বেলাল প্রামাণিকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।