কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন সুশাসন ও অর্থায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন, সুশাসন ও অর্থায়ন শীর্ষক ২ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তন, জলবায়ু সুশাসন, দুর্যোগ ঝুঁকিহ্রাস, জলবায়ু অর্থায়ন এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ ইএসডিও জলেশ্বরী প্রাঙ্গন কুড়িগ্রামে অনুষ্ঠিত হয় । উলিপুর উপজেলার বুড়াবুড়ি, ধরনীবাড়ী এবং ধামশ্রেণী, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা, হলোখানা ও পাচগাছি এবং নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া, কালিগঞ্জ ও বেরুবারী ইউনিয়ন পরিষদ ও স্টান্ডিং কমিটির সদস্যগণ এতে অংশ নেন।
কনসালটেন্সি ফার্ম একলাইড এ প্রশিক্ষন পরিচালনা করে। ইএসডিও এবং হেলভেটাস বাংলাদেশের যৌথ প্রকল্প অ্যাকসেস এর আওতায় ৩ উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যসহ স্টান্ডিং কমিটির সদস্যগণ ২ দিনব্যাপী প্রশিক্ষনে অংশ নিয়ে জলবায়ু সুশাসন,অর্থায়ন ও জলবায়ু জনিত দুর্যোগ ভিত্তিক বিভিন্ন তথ্য অবগত হন। প্রজেক্টের প্রজেক্ট অপারেশন ম্যানেজার গোলাম ফারুকের সঞ্চালনায় পরিদর্শন সেশনে প্রধান অতিথি উপ-পরিচাল (স্থানীয় সরকার) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা বক্তব্য রাখেন।
ইউনিয়র পরিষদ ও স্টান্ডিং কমিটির উদ্দেশে তিনি বলেন, ‘ এলাকাবাসীকে আপনারা খুব ভালকরে জানেন চিনেন তাদের সংগে আপনাদের সংযোগ সার্বক্ষনিক তাই তাদের কল্যান আপনাদের দ্বারাই সম্ভব। আমরা যে যে পর্যায় থেকেই কাজ করি না কেন সকলের উদ্দেশ্য এক এবং তা জনকল্যান।’ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন কারণ উল্লেখ করে তিনি আরও বলেন এই পরিবর্তন মোকাবেলা করতে না পারলে সামনে আমাদের আরও অনেক দুর্ভোগ পোহাতে হবে।
ইএসডিও অ্যাকেসেস প্রকল্প জলবায়ু নিয়ে কাজ করায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জলবায়ু সুশাসন, অর্থায়ন ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে যাতে কুড়িগ্রাম জলবায়ু সহনশীল জেলায় পরিনত হয়।