চট্টগ্রামের রাউজানে ৮ বিদেশি পিস্তল প্রদর্শন করে হুমকি, পুরোনো ভিডিও ফের ভাইরাল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের রাউজান উপজেলায় আটটি বিদেশি পিস্তল প্রদর্শন করে হুমকি দেওয়ার ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কাপড় দিয়ে ঢাকা একটি টেবিলের ওপর সারিবদ্ধভাবে রাখা আটটি পিস্তল দেখা যায়। অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তি ‘হৃদয় বুলেট’ নামে পরিচিত।

তবে পুলিশ জানিয়েছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৫ সালের। ওই ব্যক্তি কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর পুরোনো ভিডিওটি নতুন একটি ফেসবুক আইডি থেকে আবার প্রচার করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে নিজের চেহারা আড়ালে রেখে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি।’

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এটি ২০২৫ সালের ভিডিও। হৃদয় বুলেটকে পুলিশ গ্রেপ্তার করেছিল। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে আগের ভিডিওটি অন্য একটি আইডি থেকে প্রচার করছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

জানা গেছে, ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরে অস্ত্র প্রদর্শন ও হুমকির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, ৫ আগস্টের পর রাউজানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মীসহ দুই ডজনের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলাটিতে প্রায়ই প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com