দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, নথিপত্র যাচাইয়ে দুদকের একাধিক অসংগতি শনাক্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম

তানভীর আজাদ কুষ্টিয়াপ্রতিনিধি | 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি খাদ্যশস্যের মজুত ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন নথিপত্র যাচাই করে বেশ কিছু অসংগতি পেয়েছেন দুদকের কর্মকর্তারা। বিশেষ করে দুই বছর আগে নিহত এক ইউপি চেয়ারম্যানের নামে সরকারি চাল বরাদ্দ ও উত্তোলনের নথি থাকায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ফিলিপনগর ইউনিয়নের ১০৭ জন ভিজিডি কার্ডধারীর জন্য ৩০ কেজি করে মোট ৩ হাজার ২১০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের চাল উত্তোলনসংক্রান্ত কাগজপত্রে চেয়ারম্যানের স্বাক্ষর না থাকায় সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যান একরামুল হককে তলব করা হয়। এ সময় খাদ্যগুদামের নথিতে চেয়ারম্যান হিসেবে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত নঈম উদ্দিন সেন্টুর নাম দেখতে পান তিনি।

উল্লেখ্য, চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুর মৃত্যুর পর থেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন একরামুল হক। মৃত্যুর প্রায় দুই বছর পরও সরকারি খাদ্যশস্য উত্তোলনের নথিতে তার নাম বহাল থাকার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান একরামুল হক অভিযোগ করে বলেন, সরকারি ভিজিএফের চাল বরাদ্দের ক্ষেত্রেও খাদ্যগুদামের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের কম চাল দিয়ে আসতেন। গত ১৮ অক্টোবর বরাদ্দকৃত ভিজিডির চালের নথিতে স্বাক্ষর করতে গিয়ে তিনি মৃত চেয়ারম্যানের নাম দেখতে পান। তবে নথিতে ওই নাম কীভাবে রয়ে গেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

বুধবার দুপুর সোয়া ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ, মজুত ও সংরক্ষণসংক্রান্ত নথিপত্র যাচাই করেন দুদকের কর্মকর্তারা।

অভিযান শেষে সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, খাদ্যগুদামের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করা হয়েছে। নথিপত্র যাচাইয়ের সময় বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এসব বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে খাদ্যগুদামে চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেলিম রেজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, বক্তব্য জানতে খাদ্যগুদামে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com