গাজীপুর এনসিপির নিহত শ্রমিক তৌফিক এর গায়েবানা জানাজার আয়োজনে পুলিশের বাধা, লাঠিচার্জ, ১০ এর অধিক আহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় গায়েবানা জানাজা আয়োজন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপি নেতা আলী নাসের খানের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে জানাজার ব্যানার নিয়ে বক্তব্য দেন। বক্তব্য শেষে জানাজা না পড়ে মোনাজাত শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। শ্রমিক হত্যার বিচার ও শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছিল। পুলিশের হামলায় জাতীয় শ্রমিক শক্তির সভাপতি ও এনসিপির গাজীপুর জেলা কমিটির নেতাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে বাসন থানার ওসি মো. হারুনর রশীদ জানান, সড়কের মূল পয়েন্টে জানাজা আয়োজন না করে পাশের মসজিদ, ঈদগাহ বা খেলার মাঠে আয়োজনের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা তা না মানায় যান চলাচল স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হননি বলে দাবি করেন তিনি।