হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম
নুরুজ্জামান,হাবিপ্রবি প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ৩ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট আটটি অনুষদ অংশগ্রহণ করছে। অনুষদগুলো হলো— মাৎস্যবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং এগ্রিকালচার অনুষদ।
উদ্বোধনী ম্যাচে কৃষি অনুষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে উভয় দল কোনো গোল করতে না পারায় ম্যাচটি গোল শূন্য ড্র হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যা। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুল হাসান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর আবু হাসানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যা বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়ক হবে। জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে অংশগ্রহণ করাই গুরুত্বপূর্ণ”।
শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে।প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়াচর্চার প্রসার ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।