বাঁশখালীর দুই স্কুলছাত্র নিখোঁজের পাঁচ দিন, মুক্তিপণ দাবির অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি দুই স্কুলছাত্র মো. আনিসুর রহমান (১৩) ও মোহাম্মদ আবু রায়হানের (১৩)। তাদের সন্ধান না পেয়ে উৎকণ্ঠা ও আতঙ্কে দিন কাটাচ্ছে দুই পরিবার। এদিকে সন্তানকে ফেরত দেওয়ার কথা বলে মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন এক ছাত্রের বাবা।
নিখোঁজ আবু রায়হানের বাবা আবদুর রশিদ অভিযোগ করে বলেন, ‘আমরা গরিব বলে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে না। পুলিশ বলছে, প্রতারক চক্র ফেসবুকে নিখোঁজের সংবাদ দেখে ফোন করছে, তারা আসলে অপহরণ করেনি। আমার প্রশ্ন, অপহরণ না করলে আমার ছেলের সঙ্গে আমাকে কথা বলিয়ে দিল কীভাবে?’
তিনি জানান, ছেলেকে ফেরত দেওয়ার কথা বলে দুটি মুঠোফোন নম্বর থেকে ফোন করা হয়। এ সময় দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সোমবার সকাল ১০টার মধ্যে টাকা না দিলে ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। তিনি আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে টাকা জোগাড় করতে সময় চাইলে নির্ধারিত সময় পার হওয়ার পর ফোন করে বলা হয়, ‘সঠিক সময়ে টাকা দিস নাই, তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি।’ ফোনকারীরা নিজেদের কক্সবাজার থেকে কথা বলছে বলেও জানিয়েছে।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, দুই স্কুলছাত্রকে উদ্ধারে উপপরিদর্শক (এসআই) হাক্কানী বিল্লাহ কাজ করছেন। তাদের সন্ধানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই ছাত্রের বাড়ি বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোতকখালী এলাকায়। তারা হলেন স্থানীয় বাসিন্দা আবদুর রহিমের ছেলে আনিসুর রহমান এবং আবদুর রশিদের ছেলে আবু রায়হান। দুজনই পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
গত ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ রিয়াদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যদের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে পুকুরিয়ার চন্দ্রপুর গ্রামে অবস্থিত ঝিনুক পোল্ট্রি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করার কথা বলা হয়। তবে সেখানে যাওয়ার পর ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কোনো একটি চক্র তাদের অন্যত্র নিয়ে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা।
স্বজনদের দাবি, শুক্রবার ও শনিবার কয়েকজন আত্মীয় তাদের পুকুরিয়া এলাকার চাঁদপুর বাজারে ঘোরাফেরা করতে দেখেছেন। পরে রোববার সেখান থেকে তারা চলে যায়। এ বিষয়ে তাদের সঙ্গে যাওয়া রিয়াদের কাছে জানতে চাইলে সে দুই বন্ধুর অবস্থান সম্পর্কে কিছু জানে না বলে জানায়।
অন্যদিকে ঝিনুক পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী ও পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন বলেন, দুই ছাত্র তাঁর খামারে চাকরিতে যোগ দেয়নি। খামারে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং পুলিশ তা পরিদর্শন করেছে। ছাত্ররা সেখানে এসেছিল, তবে চাকরিতে যোগ না দিয়েই চলে যায়।
পাঁচ দিনেও দুই কিশোরের সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের উদ্বেগ ক্রমেই বাড়ছে। দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে নিরাপদে উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনেরা।