জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে জনতার আগুন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট-হিলি সড়কে যাত্রীবাহী বাসের চাপায় আশিক (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল ১০টার দিকে জয়পুরহাট পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। তিনি স্থানীয় একটি খাবার হোটেলের কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে হিলি অভিমুখী ‘জে পি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই চালক আশিক প্রাণ হারান এবং তার সঙ্গে থাকা আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং বাসটিতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
স্থানীয়রা গুরুতর আহত আরোহীকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা বাসটি ঘিরে ফেলে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যান চলাচল স্বাভাবিক করেছে। পুড়ে যাওয়া বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে।