গঙ্গাচড়ায় বেতগাড়ীতে উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমপি) আওতায় ১০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেতগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বাছাইকৃত ১১৭ জন নারী প্রার্থীর অংশগ্রহণে উন্মুক্ত লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়। নির্বাচিত নারী কর্মীরা আগামী পাঁচ বছর বেতগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।

লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেতগাড়ী শাখার প্রতিনিধি মোঃ ইয়াছিন মিয়া, এনসিপি বেতগাড়ীর প্রতিনিধি মোঃ বুলবুল আহমেদ। এ ছাড়া ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, নজরুল ইসলাম হুকমা, আলমগীর সরকারসহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ বলেন, ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে প্রাথমিকভাবে বাছাই করা ১১৭ জন নারী প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে কর্মকর্তারা প্রার্থীদের নামের তালিকা তৈরি করে ক্রমিক নম্বর প্রদান করেন। সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০ জন নারীকে নির্বাচিত করা হয়েছে। আমরা একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।

উপজেলা এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, গঙ্গাচড়া উপজেলার মধ্যে বেতগাড়ী ইউনিয়নে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ধরনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, আরআরএমপি প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত ১০ জন নারী কর্মী আগামী পাঁচ বছর বেতগাড়ী ইউনিয়নের কর্ম এলাকায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গতি আসবে, অন্যদিকে স্থানীয় নারীদের দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com