মহাদেবপুরে ৯ লাখ টাকা ছিনতাইয়ের প্রধান অভিযুক্ত রবিন, কৃষকদলের পদ থেকে স্থায়ী বহিষ্কার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে পিকআপ থামিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আহসান হাবিব রবিন (২৫) কে রাজনৈতিক কৃষকদলের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, নওগাঁ জেলা শাখা। তিনি মহাদেবপুর উপজেলা কৃষক দলের ছাত্র-বিষয়ক সম্পাদক ছিলেন।
বুধবার (৪ নভেম্বর) জেলা কৃষক দলের লিখিত বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রবিনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে আজীবন বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম চৌদ্দমাইল ব্রিজের পশ্চিম পাশে একটি পিকআপ থামিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ। রাতভর অভিযানে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রবিনকে মহাদেবপুরের একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়। পুলিশের দাবি, অভিযুক্ত রবিন ছিনতাইয়ের ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় তার বাসা থেকে ছিনতাই হওয়া ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পিকআপচালক সোহেল রানা ও মুন্না ছিনতাইয়ের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। আর পুরো ঘটনায় রবিন প্রধান ভূমিকা পালন করেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, তিনজন মিলে প্রায় এক সপ্তাহ ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন।
এ ঘটনায় রবিন গ্রেপ্তারের পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিল জেলা কৃষক দল। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়।
তবে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।