নওগাঁয় ছিনতাইয়ের ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার, কৃষক দলের নেতাসহ আটক- ৩

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার আট ঘণ্টার মধ্যে টাকা উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মহাদেবপুর উপজেলা কৃষক দলের ছাত্র-বিষয়ক সম্পাদক, আহসান হাবীব রবিনও রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটক অন্য দুজন হলেন মহাদেবপুর উপজেলার ডিমজাউন গ্রামের পিকআপচালক সোহেল রানা এবং রামচরনপুর দক্ষিণপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না রহমান (৩৫)। অপর আটক ব্যক্তি ঈশ্বরলক্ষীপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে রবিন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলা সদরের পশ্চিম পাশে ভাঙারির ব্যবসা করেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাসিন্দা আব্দুল আলিম। মঙ্গলবার বগুড়ায় ভাঙারি বিক্রি শেষে তাঁর চাচাতো ভাই ও দোকানের ব্যবস্থাপক মজনু এবং পিকআপচালক সোহেল রানা ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন। পথে চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়।

এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁদের মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় সেখান থেকে তাঁদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে একটি যৌথ দল অভিযান শুরু করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের আট ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁর সাংগঠনিক পদ নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। তিনি বলেন, রবিনকে দল থেকে বহিষ্কার করা হবে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সুপারের দিকনির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com