উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাড়ির উঠানে কাজ করছিল ওই কিশোরী। এ সময় এক প্রতিবেশী তাঁকে তাঁদের বাড়ি থেকে গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। সেখানে গেলে আগে থেকে অবস্থান করা এক যুবকের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় অপর এক যুবকের সম্পৃক্ততার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে না জানাতে তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে কিশোরী পরিবারের সদস্যদের বিষয়টি জানালে বুধবার (৪ নভেম্বর) রাতে তাঁর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।