দাবার বোর্ডে মুখোমুখি ইউএনও-ওসি ও শিশুরা: পাঁচবিবিতে ব্যতিক্রমী অনুপ্রেরণা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদে দাবাড়ুদের স্বপ্ন আর উৎসাহ বাড়াতে দাবার বোর্ডে মুখোমুখি বসলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ কাশপিয়া তাসরিন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচবিবি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দাবা প্রতিযোগিতায় দেখা যায় এই ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী চিত্র। প্রশাসনের শীর্ষ দুই কর্তাকে খেলার সঙ্গী হিসেবে পেয়ে আনন্দে মেতে ওঠে কোমলমতি শিশু-কিশোররা।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের বিস্তার থেকে দূরে রেখে মেধা বিকাশে যুক্ত করতেই এই উদ্যোগ।
ইউএনও কাশপিয়া তাসরিন ও ওসি তামবিরুল ইসলাম জানান, পড়াশোনার পাশাপাশি বুদ্ধিভিত্তিক খেলাধুলা শিশুদের চিন্তাশক্তি, মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়াতে দারুণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের এমন উদ্যোগ উপস্থিত দর্শক ও খুদে খেলোয়াড়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।