হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ইন্ডোর টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
নুরুজ্জামান, হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ইন্ডোর টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুব উল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্লাহ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমেও অংশ নিতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর আন্তঃঅনুষদীয় ইন্ডোর টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। ব্যাডমিন্টন, ক্যারম, দাবা ও টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়ার পাশাপাশি বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও জোরদার করা হবে।