আক্কেলপুরে নিজ সন্তান ও স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের আক্কেলপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী পান্না বিবিকে নির্মমভাবে গলা কেটে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার ৪ নভেম্বর বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ ওরফে লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলাম শেখ লালুর বিয়ে হয়।
বিয়ের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক বিরোধের জেরে সিরাজুল ক্ষিপ্ত হয়ে পান্না বিবির গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
হত্যাকাণ্ডের পরদিন নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় জামাতাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করেন।