টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার 

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দিনের ছেলে মো. আদিল (২৬)।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর এসআরবি-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফের শাপলা চত্বর বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন ধানক্ষেতে অভিযান চালায় এসআরবি-১৫-এর সদস্যরা। এ সময় ১১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধের বিস্তার ঘটাচ্ছে।

তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এসআরবি-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ নির্মূলে বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপরাধী যে পর্যায়েরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ বদ্ধপরিকর।

অধিনায়ক আরও জানান, গত ৬ অক্টোবর ২০২৬ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসআরবি-১৫-এর পরিচালিত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। একই সময়ে সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে সর্বমোট ৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com