হাবিপ্রবিতে কৃষি প্রকৌশল বিভাগের ক্রিকেট ও ফুটবল লিগের পুরস্কার বিতরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
নুরুজ্জামান, হাবিপ্রবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষি প্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত ‘এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ক্রিকেট অ্যান্ড ফুটবল লিগ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মোট ১১টি দল অংশ নেয়। এর মধ্যে ক্রিকেটে ছয়টি এবং ফুটবলে পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ক্রিকেট প্রতিযোগিতায় মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ক্রিকেট বিভাগে ২৩ ব্যাচের দল চ্যাম্পিয়ন এবং ২২ ব্যাচের দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য ২৩ ব্যাচের রাকিব ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
অন্যদিকে, ফুটবল প্রতিযোগিতায় ‘কম্বাইন হারভেস্টার’ দল চ্যাম্পিয়ন এবং ‘সাডো টাইগার্স’ দল রানার্সআপ হয়। ফুটবলে সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন ২৪ ব্যাচের আসিফ মাহমুদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কামাল উদ্দিন সরকার বলেন, ‘দেহ ও মন সুস্থ রাখার জন্য এ ধরনের আয়োজন খুবই উপকারী। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ করা প্রয়োজন।’
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহা নূর কবির বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে হবে।’ এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম, সহযোগী অধ্যাপক মিলু ফারজানা, ড. মুহাম্মদ আবদুল মুন্নাফ, মো. মওদুদ হাসান, মাইশা ফাহমিদা, সেলিনা বানু, সহকারী অধ্যাপক রিন্টু সেনসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিভাগের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল ‘উত্তরণ (Uttaron—Exploring Ideas)’। দীর্ঘ কয়েক মাসের এ ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা, দলগত বন্ধন ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।