নওগাঁয় কারাগারে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেনের মৃত্যু হয়। তাঁকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করে বলতে পারেননি ওই চিকিৎসক।
জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় জানান, বিস্ফোরক মামলায় আটক হয়ে কারাগারে ছিলেন জাকির হোসেন নবাব। মঙ্গলবার সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
কারা সুপার আরও বলেন, হাসপাতালে তাঁর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা নিশ্চিত তথ্য তখনও পাননি।
এদিকে কারা হেফাজতে থাকা অবস্থায় তাঁর মৃত্যুর ঘটনায় মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার অপেক্ষা রয়েছে।