নাটোরের বাগাতিপাড়ায় অটোভ্যান পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রীকে জীবিত উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার কোয়ালিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়জন বালিকা শিক্ষার্থী ও তাদের টিম লিডার সহকারী শিক্ষক মোছাঃ আইরিন পারভীন। স্থানীয়দের সহায়তায় পানিতে ডুবে যাওয়া সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কেউ হতাহত হননি।
বুধবার (৪ নভেম্বর) সকালে নাটোর থেকে নিজ বিদ্যালয়ের উদ্দেশে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নাটোর রাজবাড়িতে অনুষ্ঠিত হয় ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী, রাজশাহী অঞ্চল। ক্যাম্পুরীর কার্যক্রম শেষে ছয় শিক্ষার্থী ও তাদের টিম লিডার সহকারী শিক্ষক মোছাঃ আইরিন পারভীন একটি রিজার্ভ অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে বাগাতিপাড়া উপজেলার কোয়ালিপাড়া এলাকায় অটোর ওপর থাকা একটি লাগেজ হঠাৎ চাকার নিচে পড়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটি রাস্তার পাশের একটি গভীর পুকুরে পড়ে ডুবে যায়।
এ সময় অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন সহকারী শিক্ষক মোছাঃ আইরিন পারভীন। তিনি নিজের প্রচেষ্টায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং চিৎকার করে স্থানীয়দের সহযোগিতা চান। তার ডাক শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে শিক্ষক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পানিতে ডুবে যাওয়া বাকি শিক্ষার্থীদেরও উদ্ধার করা সম্ভব হয়।
গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় শিক্ষক ও ছয় শিক্ষার্থীসহ সবাই অক্ষত রয়েছেন।
এদিকে, এমন বিপদের মুহূর্তে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের জীবন রক্ষায় এগিয়ে আসায় স্থানীয় এলাকাবাসীর প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে সহকারী শিক্ষক মোছাঃ আইরিন পারভীনের উপস্থিত বুদ্ধি, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।
সবার সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন কোমলমতি ছয় শিক্ষার্থী ও তাদের শিক্ষক।