রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি: 

রংপুরের কাউনিয়ায় অভিযান চালিয়ে ৯৫৫ পিস ইয়াবাসহ মোঃ মোজাম্মেল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কাউনিয়া থানার বনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল বনগ্রাম এলাকার আব্দুর রহমানের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মোজাম্মেল হকের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচর থেকে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোজাম্মেল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com