কালাইয়ে জমি বিরোধে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ধান ও স্বর্ণ ছিনতাই

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের কালাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক মো. রফিকুল ইসলামসহ তাঁর স্ত্রী ও মেয়েকে পিটিয়ে জখম, স্বর্ণের চেইন ছিনতাই এবং ৪০ শতাংশ জমির পাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় রাসেলসহ নয়জনের বিরুদ্ধে কালাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলামের ৪০ শতাংশ জমির পাকা ধান কেটে ফেলে রাখে এবং পরে তা নিয়ে যায় প্রতিপক্ষ। এতে তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়।

এ ছাড়া আইনি পদক্ষেপ নিতে যাওয়ার পথে ১ নভেম্বর সকালে কাথাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাঁদের পথরোধ করে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।

এ সময় রফিকুলের মেয়ের গলা থেকে ৯০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

এ বিষয়ে কালাই থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জমি সংক্রান্ত বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com