জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচার, শহীদের হৃদযন্ত্রের দুটি ভালভ নষ্ট; প্রয়োজন ১০ লাখ টাকা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
সঞ্জু বনিক সৌরভ | জেলা প্রতিনিধি, পঞ্চগড়
পঞ্চগড় | ৫ নভেম্বর ২০২৬
পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন ২৫ বছর বয়সী শহীদ আলম। চাতালে শ্রমিক হিসেবে কাজ করে চলত তাঁর সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ নিজের জীবন বাঁচাতেই তাঁকে লড়তে হচ্ছে। হৃদযন্ত্রের দুটি ভালভ অকেজো হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন। চিকিৎসার জন্য দরকার ৮ থেকে ১০ লাখ টাকা। দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
শহীদ আলম পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। কিছুদিন আগে কাজ করার সময় হঠাৎ তাঁর বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। একপর্যায়ে রক্তবমি হলে দ্রুত তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সহকারী রেজিস্ট্রার ডা. মো. আসিফ আহসান চৌধুরী জানান, শহীদের হৃদযন্ত্রের দুটি ভালভ নষ্ট হয়ে গেছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হৃদযন্ত্রের ভালভ প্রতিস্থাপন করতে হবে। এ জন্য আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন। আগামী এক মাসের মধ্যে অস্ত্রোপচার করা জরুরি বলেও জানিয়েছেন চিকিৎসক।
শহীদের বাবা নুর ইসলাম জানান, ছেলের চিকিৎসার জন্য পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও ঢাকায় ইতোমধ্যে এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। বাড়ির একমাত্র সম্বল গরু, হাঁস-মুরগি বিক্রি করে এবং এলাকাবাসীর সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে আসছেন তিনি। কিন্তু ভালভ প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ জোগাড় করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না।
ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং দেশ-বিদেশে অবস্থানরত মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন অসহায় বাবা নুর ইসলাম।
মানবিক সহযোগিতার আবেদন
শহীদ আলমের চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন—
মোবাইল নম্বর: ০১৮৪৫-০১৬১৪৮ (নগদ)
একজন তরুণের জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে অনেক বড় অবলম্বন। আসুন, সবাই মিলে শহীদ আলমের পাশে দাঁড়াই। সম্মিলিত সহযোগিতায় হয়তো আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন ২৫ বছর বয়সী এই তরুণ।
আরও পড়ুন
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”: কালাইয়ে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২’ এর উদ্বোধন
জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে টিসি