মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য জাহিদ হাসান রাফি (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত নেতা জাহিদ হাসান রাফি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান রাফি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মহাদেবপুর উপজেলা কমিটির সদস্য। উপজেলার ঘোষপাড়া এলাকার ওয়াহিদ পারভেজ অমিকের বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় গত ১৬ জুন মহাদেবপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে জাহিদ হাসান রাফিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com