চট্টগ্রামে এরশাদ হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে এরশাদ হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দেড় লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত ষষ্ঠ মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তিন ভাই হলেন—আরমান, ইরান ও ইমতিয়াজ। তাঁরা নগরের ইপিজেড থানার ২ নম্বর মাইলের মাথা এলাকার মহব্বত মুন্সি বাড়ির মৃত আবুল বশরের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী রাকিব সংবাদ মাধ্যমকে জানান, সাক্ষীদের সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১১ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন এরশাদ। নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকায় মহিউদ্দিনের গ্যারেজের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ইরান ও ইমতিয়াজ তাঁকে জাপটে ধরেন। এ সময় আরমান ছুরি দিয়ে এরশাদের কপাল, ঘাড়, বুক ও পিঠে একাধিকবার আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় এরশাদ স্থানীয় দুটি দোকানের সামনে গিয়ে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ রফিক বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিন ভাইকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।