বোদায় পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, জব্দ দুই মোটরসাইকেল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

সঞ্জু বনিক সৌরভ | জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় | ৫ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সন্দেহে দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের অভিযানের সময় আরও একজন পালিয়ে যায়। পলাতক ওই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের হাড়িপুকুরী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাড়িপুকুরী গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে মো. কামরুল ইসলাম (৪২) এবং বামনহাট গ্রামের বেলাল উদ্দিন মেম্বারের ছেলে মো. রফিক (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার উপপরিদর্শক (এসআই) মো. খুরশীদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল হাড়িপুকুরী গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে কামরুল ইসলাম ও রফিককে আটক করা হয়। তবে মো. মালিউল ইসলাম মিঠু (৩৮) নামে আরও একজন পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে কামরুল ইসলামের কাছ থেকে ৫০ পিস এবং রফিকের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া পলাতক মিঠুর ঘরের মেঝে থেকে আরও ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে ৯০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

অভিযানকালে রফিকের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের হিরো গ্ল্যামার মোটরসাইকেল এবং পলাতক মিঠুর ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন টিভিএস মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com