টেকনাফে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, অর্থদণ্ডও

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

উচমান গনি টেকনাফ কক্সবাজার (প্রতিনিধি)

লেদা ক্যাম্পে এপিবিএনের অভিযানে এক রোহিঙ্গাসহ তিন বাঙালি আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবা সেবনের অপরাধে এক রোহিঙ্গা ও তিন বাঙালিসহ চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে টেকনাফের ২৪ নম্বর লেদা শরণার্থী ক্যাম্পের এফ (এলএমএস) ব্লকে এ অভিযান পরিচালনা করে লেদা এপিবিএনের একটি রাত্রিকালীন মোবাইল টহল দল।

পুলিশ সূত্রে জানা যায়, টহল দল ক্যাম্পের স্থানীয় বাঙালি আব্দুল জলিলের বসতশেডসংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে কয়েকজনকে ইয়াবা সেবনরত অবস্থায় দেখতে পায়।

 পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে কৌশলে চারজনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ভাঙা ইয়াবার গুঁড়া, চারটি অক্ষত ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হলে সিআইসি জনাব মো. রনি আলম নূর (সিনিয়র সহকারী সচিব) মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩২(১) ধারায় আব্দুল জলিলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 অপর তিনজন সৈয়দ নূর, মো. ইছহাক ও রোহিঙ্গা নাগরিক শাহ আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালীর আব্দুল জলিল (৩৮), সৈয়দ নূর (৩৫) ও মো. ইছহাক (৪২)।

 অপরজন ২৪ নম্বর লেদা ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা নাগরিক শাহ আলম (৩০)।

অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে আটক এবং মোবাইল কোর্টের মাধ্যমে সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com