ইবি'র প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করা হবে: উপাচার্য

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

ইবি সংবাদদাতা: 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকালীন মূল লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) পুনঃপ্রতিষ্ঠিত করতে কাজ চলছে। অতীতের ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে বিশ্ববিদ্যালয়কে উত্তরণে বর্তমান প্রশাসন নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন এবং তাদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে অবতীর্ণ হয়েছে, তখনই জিয়া পরিবার দেশের দায়িত্ব নিয়ে সংকট উত্তরণ ঘটিয়েছে।

১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন। একইভাবে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর জনগণের অখণ্ড সমর্থনে বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ঠিক একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জনগণের জনরায়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিসহ বিভিন্ন প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার ও তার মন্ত্রিসভা আপামর জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন ও জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠা করার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে পুনর্গঠনে শিক্ষার্থীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমৃদ্ধ, আদর্শিক ও উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পরে সকাল সাড়ে দশটায় প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপন করা ভিত্তিপ্রস্তরস্থল প্রদক্ষিণ করে শেষ হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিত্তিপ্রস্তরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বিভিন্ন হল, বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে এক মিনিট নীরবতা পালন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো. আশরাফ উদ্দিন খান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com