দুর্গাপূজার পর এবার শ্যামাপূজার ব্যস্ততা ও উৎসবের আমেজ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
রিপন কান্তি গুণ, নেত্রকোনা;
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পর নেত্রকোনা জুড়ে এবার শ্যমাপূজার প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পী ও আয়োজকরা। প্রতিমা তৈরির কাজ শেষ করে রংতুলি হাতে প্রতিমায় শেষ আঁচড় দিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। অপরদিকে মণ্ডপের প্যান্ডেল সাজাতে ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির আয়োজকরা। সবমিলিয়ে শ্যামা মায়ের আবাহনে জোরকদমে কাজ চালাচ্ছেন মৃৎশিল্পী ও আয়োজকরা।
পঞ্জিকামতে, আলোর উৎসব দীপাবলি ও মহানিশায় শ্যামাপুজা অর্থাৎ কালীপুজা আগামী ৮ নভেম্বর, রবিবার রাতে শুরু হয়ে ১০ নভেম্বর, মঙ্গলবার দেবী বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শ্যামাপূজা বা কালীপূজার। শাস্ত্রমতে, শ্যামাপূজা (কালীপূজা) অমাবস্যা তিথিতে একদিন হলেও বড় মণ্ডপগুলোতে আনন্দ উপভোগের জন্য আয়োজন চলে ৩ দিনব্যাপী।
সরেজমিনে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিটি পূজা মণ্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। মৃৎশিল্পীদের নিপুণ হাতে খড়-কাঁদা-মাটি দিয়ে দেবীর প্রতিমাসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন শেষ মুহূর্তে চলছে রংতুলির আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার কাজ। দিন-রাত এক করে কালী প্রতিমার পাশাপাশি দেবাদিদেব মহাদেব, ডাকিনী, যোগিনীসহ অন্যান্য দেব-দেবীর প্রতিমায় রংতুলির কাজ করছেন মৃৎশিল্পীরা। এছাড়াও পূজামণ্ডপের মূল প্যান্ডেল নির্মাণ, আলোর রোশনাই সাজানো এবং সাউন্ড সিস্টেমের প্রস্তুতি নিচ্ছেন কমিটির সদস্যরা। মণ্ডপের থিম ও নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে দিন-রাত কাজ করছেন পূজা উদ্যোক্তারা।
মৃৎশিল্পীদের সাথে কথা বললে তারা জানান, প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে আছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি ও ভালোবাসা। পরিবারের সদস্য ও সহকারী কারিগরদের নিয়ে দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করেছেন। পূজা শুরু হতে আর মাত্র এক দিন বাকি। শ্যামাপূজাকে সামনে রেখে তাদের ব্যস্ততা বেড়েছে। দিন-রাত কাজ করেও সময় মিলছে না। আগে প্রতিমা তৈরিতে কাপড় ও বিভিন্ন অলংকারের ব্যবহার বেশি হলেও এসব উপকরণের দাম বেড়ে যাওয়ায় এখন মাটির তৈরি সাজসজ্জার ব্যবহার বেড়েছে। তাদের ভাষ্য, সময়ের সঙ্গে প্রতিমার গড়ন ও সাজসজ্জাতেও পরিবর্তন এসেছে।
কথা হয় বারহাট্টা উপজেলা সদরের গরুহাট্টা পূজামণ্ডপের প্রতিমা তৈরির কারিগর মৃৎশিল্পী সুবল পালের সাথে তিনি ভক্তি ও আবেগতারিত কন্ঠে বলেন, “আমরা তো শুধু মাটি দিয়ে প্রতিমাই তৈরি করি না, মনে হয় নিজ হাতে যেন মা-কেই রূপ দিই। সারা বছর অনেক কষ্টে কাটলেও মূর্তি তৈরি করার সময় সব কষ্ট ভুলে যাই। প্রতিমার চোখে যখন তুলির শেষ আঁচড় দিই, তখন মনে হয় যেন মা সত্যি কথা বলে উঠবেন।"
তিনি আরও বলেন, প্রতিমা তৈরির কাঁচামাল বা জিনিসপত্রের দাম বেশি হওয়ায় অনেকে এ পেশা ছেড়ে দিয়েছেন। চারুকলা থেকে শিক্ষা নিয়ে আমি এ পেশা বেছে নিয়েছি। লাভ কম, তবুও নিজের শিক্ষার ঐতিহ্য টিকিয়ে রাখতে এখনো বিভিন্ন পূজায় প্রতিমা তৈরির কাজ করছি।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক সত্যেন্দ্র পাল জানান, দুর্গাপূজার পর বাঙালির উৎসবের ক্যালেন্ডারে বেজে উঠেছে এবার শ্যামাপূজা ও দীপাবলির পালা। এবার বারহাট্টায় স্থায়ী-অস্থায়ী মণ্ডপ মিলিয়ে ৪০টি মণ্ডপে কালীপূজা উদযাপিত হচ্ছে। কালীপূজাকে সামনে রেখে বরাবরের মতোই এবারো প্রস্তুতি চলছে প্রতিটি মণ্ডপে। আমরা সার্বক্ষণিক প্রতিটি পূজা মণ্ডপে নজর রাখছি এবং সার্বিক প্রস্তুতির খোঁজ-খবর নিচ্ছি। আমাদের এলাকার হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে দুর্গাপূজার আনন্দ যেমন উপভোগ করেছি, আশা করছি বরাবরের মতোই এবারো শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে শ্যামাপূজার আনন্দ উপভোগ করতে পারব।
নেত্রকোনা জেলা পু্লিশ সুপার মোঃ তরিকুল ইসলামজানান, দুর্গাপূজার মতো কালীপূজাতেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পূজা চলাকালীন সকল মণ্ডপে সার্বিক নিরাপত্তার জন্য মাঠে সর্তক পাহারায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন
তারকাখ্যাতির দুই রূপ: শাবানা ও পরীমনির তুলনা এবং আদালতের সাম্প্রতিক প্রসঙ্গ
দেবীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিয়ন্ত্রণে প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ, পুনর্বাসনের আশ্বাস
নাগেশ্বরীতে দুধকুমার নদী ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন